স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য ডিজির অপসারণ দাবি করে আল্টিমেটাম

করোনাভাইরাস মোকাবেলার ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) অপসারণসহ চার দফা দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়।

সমাবেশে  মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন বক্তব্যে বলেন, দায়িত্বশীল পদে থেকে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির দায়িত্বহীন বক্তব্য মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। নিজেদের ব্যর্থতা লুকানোর চেষ্টা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

তিনি বলেন, যথাসময় চিকিৎসক না পাওয়া, সরকারি ওষুধ বাইরে বিক্রি, বাইরে রমরমা ক্লিনিক ব্যবসা, বিভিন্ন টেস্টের নামে রোগীর পকেট কাটা, হাসপাতালগুলোর পরিবেশ অপরিষ্কার ও নোংরা ইত্যাদি সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছেন বর্তমান স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল কর্তারা।

আল মামুন বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ সরকারের কাছে জানতে চায় যে, এতো বিতর্ক ও সমালোচনার পরেও স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির খুঁটির জোর আসলে কোথায়?

তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি স্বাস্থ্যখাতের দুর্নীতি ও অনিয়মের দায়ভার কখনোই এড়াতে পারেন না। ব্যর্থতার দায়ভার নিয়ে অনেক আগেই তাদের পদত্যাগ করা উচিত ছিল।

আল মামুন বলেন, স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও জবাবদিহিতা নিশ্চিত করার স্বার্থে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির অপসারণ দাবি করছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

জনস্বার্থে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের অপসারণ না করলে মুক্তিযুদ্ধ মঞ্চ দেশব্যাপী সকল শহীদ মিনারের পাদদেশে লাগাতার অবস্থান কর্মসূচি পালন শুরু করবে বলেও হুঁশিয়ারি সংগঠনের এই নেতা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এতে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যসহ অন্যন্য নেতৃবৃন্দ।