রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে পুলিশ সেজে ছিনতাই করার সময় মো. নাছির (৪৩) নামে এক ব্যক্তি স্থানীয় জনতার ধাওয়া খেয়ে পালানোর সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) নাদিয়া ফারজানা শনিবার বিষয়টি দেশ রূপান্তরকে জানান।
শুক্রবার সকালে তাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার আড়ুয়াকান্দি গ্রামে। আশুলিয়া থানার খেজুরবাগান এলাকায় বসবাস করেন।
তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ভুয়া ওয়াকিটকি, পুলিশের পোশাক পরিহিত এক কপি ছবি ও ছিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এডিসি নাদিয়া ফারজানা বলেন, মো. রুয়েল মিয়া নামে এক ব্যক্তি উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি বাসায় কাজ করেন। ঘটনার দিন তিনি কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। তিনি নওয়াব হাবীবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে তাকে ডাক দিয়ে দাঁড় করান পুলিশ পরিচয় দানকারী নাছির।
নাছির তার হাতে থাকা ওয়াকিটকি ও পুলিশের পোশাক পরিহিত ছবি দেখিয়ে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বলে-“তুইতো মাদকসেবী, গাঁজা খাস”। এই কথা বলে রুয়েলের কাছে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেন এবং চর থাপ্পর মেরে সোজা সামনের দিকে চলে যেতে বলেন।
তিনি আরও বলেন, রুয়েল মিয়া একটু সামনে এগিয়ে আশেপাশের লোকজনকে ঘটনার বিষয়ে বললে তারা সবাই নাছিরকে ছিনতাইকারী বলে ধর ধর করে চিৎকার করে ধাওয়া দেয়। দৌড়ে পালানোর সময় আজমপুর মোড়ে নাছির ডিউটিরত উত্তরা পূর্ব থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়। তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা করা হয়েছে।