রাজধানীর কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ও বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাঈন উদ্দিন আরিফের করোনা পজিটিভ। শনিবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি বাসায় আইসোলোসনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সহ-সভাপতি সালে আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনা মহামারীর শুরু থেকে অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে খাবার ও সাহায্য বিতরণ করে আসছেন মাঈন উদ্দিন আরিফ। তিনি তার নিজস্ব অর্থায়নে এবং ‘হাসি মুখ’ ফাউন্ডেশনকে নিয়ে প্রতিদিনই রান্না করে রাস্তায় ঘুরে ঘুরে অনাহারে থাকা মানুষের মুখে খাবার তুলে দেন।
মাঈন উদ্দিন আরিফ বলেন, গত দেড় সপ্তাহ ধরে জ্বর, কাশি হচ্ছিল। ভাবলাম গরম বা বৃষ্টি ভেজা থেকে ঠান্ডা লেগেছে। কিন্তু আস্তে আস্তে খাবারের গন্ধ হারিয়ে যাওয়াসহ আরো কিছু উপসর্গ দেখা দিল। তাই ৮ জুলাই করোনা পরীক্ষার নমুনা দিলাম। শনিবার সকালে ঘুম থেকে উঠেই দেখালাম রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।
তিনি বলেন, তবে আলহামদুলিল্লাহ আমার মনোবল শক্ত আছে। আপনারা সবাই সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক ব্যবহার করুন। স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।