মোবাইল চুরির অভিযোগ

দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতনকারী সাহাদত গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা চা বাগানে মোবাইল ফোন চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় সাহাদত হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের শিকার এক কিশোরের ভাই রাজেশ পাশি সাহাদতকে প্রধান আসামি করে মামলা করার পর গত শুক্রবার রাত ১০টার দিকে তাকে চাম্পারায় চা বাগান থেকে গ্রেপ্তার করা হয়। কমলগঞ্জ থানায় দায়ের ওই মামলায় অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

রাজেশ বলেন, ‘শুক্রবার সকাল ৭টায় বাগান কম্পাউন্ডারে তার ছোট ভাই মুন্না পাশি ও জগৎ নুনিয়াকে মোবাইল চুরির অভিযোগে বাসা থেকে ধরে নিয়ে যায়। পরে পঞ্চায়েত কমিটির সদস্য সাহাদত গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পেটান। টানা ৮ ঘণ্টা বেঁধে তাদেরকে পেটানো হয়। বিকেল ৩টার দিকে অভিভাবকদের থেকে সাদা কাগজে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। চুরি করলে আইনানুগ বিচার হবে। এভাবে বেঁধে নির্যাতন কেন? তাই মামলা করেছি। মামলায় প্রধান আসামির নাম দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করে বাকি আসামি বের করবে।’