সক্রিয় মৌসুমি বায়ু প্রভাবে ভারী বর্ষণের সম্ভাবনা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের প্রায় সব বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

শনিবার রাত ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ভারী বর্ষণের সতর্কবার্তায় এ কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

এতে বলা হয়, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আগামী পাঁচ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হ্রাস পেতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চুয়াডাঙ্গায় ১৫৩ মিলিমিটার। একই সময়ে ঢাকায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।