আগুনে ক্যালিফোর্নিয়ায় ২৫০ বছরের পুরোনো চার্চ ছাই

ভয়াবহ অগ্নিকাণ্ডে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনেক পুরোনো ক্যাথলিক খ্রিষ্টানদের একটি চার্চ পুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লস অ্যাঞ্জেলসে অবস্থিত চার্চটিতে ২৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে সংস্কার কাজ চলছিল বলে ডয়েচেভেলের খবরে বলা হয়েছে।

শনিবার ভোরের দিকে চার্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিনির্বাপক কর্মীরা অনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিনির্বাপকবাহিনীর ক্যাপ্টেন পল নেগ্রেতে বলেন, “চার্চের ছাদ একেবারে পুরে গেছে...কাঠের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভেতরেও অনেক ক্ষতি হয়েছে।”

আগুন লাগার কারণে এখনো জানা যায়নি। চার্চটিতে ২০০ বছরের আগেরও অনেক পুরাকীর্তি ছিল। এর মধ্যে রয়েছে স্পেন থেকে আনা হাতে বানানো বেশ কিছু মূর্তি। ১৭৯০ দশকে মেক্সিকো থেকে আনা কিছু পুরাকীর্তিও ছিল।

করোনাভাইরাসের কারণে লস অ্যাঞ্জেলসের সান গাব্রিয়েল মিশন নামে চার্চটি চার মাস বন্ধ ছিল। আগামী সপ্তাহ থেকে তা খুলে দেওয়ার কথা ছিল।

পাথর, ইদ ও চুনা পাথর দিয়ে ১৭৭১ সালে নির্মিত চার্চটি এর আগে ১৮০৪, ১৮১২, ১৮৮৭ ও ১৯৯৪ সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল।