মির্জাপুরে করোনা শনাক্তের সংখ্যা তিনশ ছাড়ালো

টাঙ্গাইলের মির্জাপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা ৩০০ জন ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় সাত পুলিশ সদস্যসহ নতুন করে ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মির্জাপুর উপজেলায় ৩০৮ জন করোনায় সংক্রমিত হলেন।

রবিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

নতুন আক্রান্তদের মধ্যে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের সাতজন পুলিশ সদস্য, সদরের সাহাপাড়ার এক ব্যবসায়ী (৪৩), জামুর্কী গ্রামের একজন পুরুষ (৫৫), লতিফপুর গ্রামের এক গৃতিনী (২৬), লতিফপুর ইউনিয়নের ত্রিমোহ গ্রামের এক গৃতিনী (৫০), বহুরিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামের এক ছাত্র (২০), লতিফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের একজন পুরুষ (৫০), বানাইল ইউনিয়নের পাচচামারী গ্রামের এক নারী (৪২) রয়েছে।

মির্জাপুরে সব মিলিয়ে ৩০৮ জন করোনা রোগীর মধ্যে পাঁচজন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১৩২ জন। অন্য ১৭১ জন নিজের বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, পুলিশ সদস্যদের তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আইসোলেশনে রাখা হয়েছে। অন্য আক্রান্ত ব্যক্তি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।