দেশে করোনাজয়ী ৯৩ হাজার ছাড়াল

একদিনেই দেশে পাঁচ হাজারের বেশি মানুষ করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। তাতে দেশে কভিড-১৯ জয়ীদের সংখ্যা বেড়ে ৯৩ হাজার ছাড়িয়েছে।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক সবশেষ বুলেটিনে জানানো হয়, এদিন সকাল আটটা পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৮০ জন, যা গত ২৬ দিনের মধ্যে সর্বোচ্চ। তাতে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ৬১৪ জন।

সবশেষ চব্বিশ ঘণ্টায় ১১ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে আরও ২ হাজার ৬৬৬ জনের শরীরে। তাতে সরকারি হিসেবে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জন।

করোনায় আক্রান্তদের মধ্যে চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪৭ জনের। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৫২ জনে।

সবশেষ হিসেব অনুযায়ী দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৪.১১ শতাংশ; শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ এবং সুস্থতার হার ৫০.৯৩ শতাংশ।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ বাংলাদেশে প্রথম ধরা পড়ে গত ৮ মার্চ। এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।