দেশের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্রাউন এন্টারটেইনমেন্ট’ জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন চ্যানেলের জন্য ১২টি একক নাটক নির্মাণ করছে। নাটকগুলো পরিচালনা করবেন দেশের জনপ্রিয় নাট্য ও চলচ্চিত্র নির্মাতারা। তার মধ্যে একটি নাটকের নাম ‘সিনেমা’।
শোয়েব চৌধুরীর গল্প অবলম্বনে ছটকু আহমেদের সংলাপে নাটকটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা তাজু কামরুল। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ইমন। ইমন বলেন, ‘সুন্দর একটি গল্প। চরিত্রটিও খুব দারুণ। এতে অভিনয় করে দর্শকের মনে দাগ কাটতে পারবো বলে আশা করছি।’
‘সিনেমা’ নিয়ে নির্মাতা তাজু কামরুল বলেন, ‘ক্রাউন এন্টারটেইনমেন্ট কে ধন্যবাদ জানাই অসাধারণ একটি গল্প নিয়ে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। করোনা পরিস্থিতি মাথায় রেখে কাজ করবো। চেষ্টা থাকবে নিরাপদে কাজটি শেষ করে আনার।’