আপিল বিভাগে সপ্তাহে দুই দিন চলবে ভার্চুয়াল শুনানি

মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি এবং পরে করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে প্রায় চার মাস বন্ধ ছিল আপিল বিভাগের  নিয়মিত বিচারিক কার্যক্রম। তবে এই সময়ে নির্দিষ্ট দিনে চেম্বার আদালতে সীমিত সংখ্যক মামলায় ভার্চুয়াল শুনানি শেষে আদেশ হয়েছে। অবশেষে দীর্ঘদিন পর সর্বোচ্চ আদালতেও ভার্চুয়াল পদ্ধতিতে মামলার শুনানির উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সপ্তাহে সোম ও বৃহস্পতিবার এ দুই দিন জরুরি বিষয় সংক্রান্ত মামলার ভার্চুয়াল শুনানি হবে আপিল বিভাগে। গতকাল রবিবার আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা এক নির্দেশিকায় এমন তথ্য জানান।   

এতে বলা হয়, প্রধান বিচারপতি দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ‘আদালত কর্র্তৃক তথ্যপ্রযুক্তি  ব্যবহার অধ্যাদেশ, ২০২০’ এবং অত্র কোর্ট কর্র্তৃক প্রণীত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকার্য পরিচালিত হবে মর্মে অনুমোদন দিয়েছেন। আপিল বিভাগের ভার্চুয়াল কোর্টে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সোয়া একটা পর্যন্ত শুনানি গ্রহণ করা হবে। আপিল বিভাগে ভার্চুয়াল কোর্টে জরুরি বিষয়ে শুনানি সংক্রান্ত মামলার দৈনন্দিন কার্যতালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।