চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে করোনা রোগীদের জন্য দুটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল রবিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবিরের কাছে এসব ক্যানোলা হস্তান্তর করেন তিনি।
নওফেল বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িতদের জন্য প্রণোদনা ঘোষণাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করেছেন। তিনি স্বাস্থ্য খাতের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এ জন্যই বাংলাদেশ এখন পর্যন্ত করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট শক্ত হাতে মোকাবিলা করছে। সমাজের বিভিন শ্রেণি-পেশার মানুষ সাধ্যমতো এগিয়ে এলে সরকারের পক্ষে করোনা সংকট মোকাবিলা করা আরও সহজ হবে।’
শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী, চমেকের অধ্যক্ষ ডা. শামীম হাসান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাছির উদ্দিন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।