বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে গোটা পৃথিবীতে গত ২৪ ঘণ্টায় আবার রেকর্ড সংখ্যক মানুষ নভেল করোনাভাইরাসে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সংস্থাটির ওয়েবসাইটে রবিবার যে হিসাব প্রকাশ করা হয়েছে সেখানে একদিনে ২ লাখ ৩০ হাজার ৩৭০ জনকে কভিড-১৯ পজিটিভ দেখা গেছে। এর আগে গত শুক্রবার রেকর্ড সংখ্যক মানুষ শনাক্ত হন, ২ লাখ ২৮ হাজার ১৮৬ জন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, গোটা পৃথিবীতে সোমবার সকাল ৮টা পর্যন্ত মোট রোগীর সংখ্যা ১ কোটি ৩০ লাখ ৩৬ হাজার ৫৫০ জন। নতুন এই রোগটি থেকে মোট সুস্থ হয়েছেন ৭৫ লাখ ৮২ হাজার ৯১ জন। মারা গেছেন ৫ লাখ ৭১ হাজার ৫৭১ জন।
আক্রান্ত এবং মৃতের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৪ লাখ ১৩ হাজার ৯৯৫ জন। মারা গেছেন ১ লাখ ৩৭ হাজার ৭৮২ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ৮৪ জন।
দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৮ লাখ ৬৬ হাজার ১৭৬ জন। মারা গেছেন ৭২ হাজার ১৫১ জন।
তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ৮ লাখ ৭৯ হাজার ৪৬৬ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ২৩ হাজার ১৮৭ জনের।