গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে আখচাষীদের আখের মূল্য পরিশোধ ও শ্রমিক-কর্মচারীদের চার মাসের বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছে রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও আখচাষী কল্যাণ সমিতি।
সোমবার সকাল সাড়ে আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত থালা হাতে মহিমাগঞ্জ-গোবিন্দগঞ্জ সড়কে চিনিকলের প্রধান ফটক অবরুদ্ধ করে এ কর্মসূচি পালন করেন তারা। অতিদ্রুত এসব দাবি মানা না হলে মঙ্গলবার থেকে ২৫ জুলাই পর্যন্ত লাগাতার কর্মসূচির ঘোষণা দেন চিনিকলের শ্রমিক ও আখচাষিরা।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সাবেক সভাপতি এস এম জালাল, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাহেবগঞ্জ-বাগদাফার্ম খামারের শ্রমিক নেতা আলী আজগর, আখচাষী কল্যাণ সমিতির নেতা জিন্নাত আলী প্রধান ও আব্দুর রশিদ ধলু প্রমুখ।
বক্তারা বলেন, গাইবান্ধার একমাত্র কৃষিভিত্তিক ভারী শিল্প কারখানা মহিমাগঞ্জের এই রংপুর চিনিকল। প্রতিষ্ঠানটিতে কর্মজীবি মানুষের সংখ্যা কয়েক’শ। এতো বিপুল সংখ্যক মানুষের কর্মস্থান হলেও এই চিনিকল বন্ধের জন্য নানান অপতৎপরতা চালানো হচ্ছে। কয়েকবার লে-অফও করা হয় চিনিকলটি।
এদিকে গত চার মাস ধরে আমরা বেতন-ভাতা পাচ্ছি না। ফলে পরিবার-পরিজন নিয়ে খেয়ে না খেয়ে কষ্টে দিনাতিপাত করছি। ধার-দেনা করে সংসার চালাতে হচ্ছে। দিন-দিন সুদের টাকা বাড়ছে। ফলে আমরা দিনদিন ক্ষতিগ্রস্তই হচ্ছি।
বক্তারা আরও বলেন, আখচাষিরা চিনিকলে যে আখ দিয়েছেন সেই টাকা আজও পরিশোধ করা হয়নি। ফলে আখচাষিরা নতুন করে ফসল ফলাতে পারছেন না। অনেকে বাধ্য হয়ে সুদের উপর টাকা নিয়ে জমিতে অন্য ফসল চাষাবাদ শুরু করেছেন। অনেকেই চিনিকলের টাকা না পেয়ে খেয়ে না খেয়ে কষ্টে দিনাতিপাত করছে। তাই কষ্টের এই অবস্থা থেকে আমাদের রেহাই দিন। আমাদের বেতন-ভাতা ও আখের দাম পরিশোধ করুন।
এ সময় কর্মসূচি থেকে ১৪ জুলাই সকাল আটটা থেকে দুই ঘণ্টা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট, ১৬ জুলাই সকাল নয়টায় শ্রমিক ও আখচাষীদের সমন্বয়ে মহিমাগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল, ১৮ ও ১৯ জুলাই পূর্ণদিবস কর্মবিরতি, ২০ জুলাই মহিমাগঞ্জে শান্তাহার-লালমনিরহাট রেলপথ অবরোধ, ২২ জুলাই গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান ধর্মঘট এবং ২৫ জুলাই গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।