সাভারের আশুলিয়ায় এক নারীকে জোর করে বাসে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে আশুলিয়া ক্লাসিক পরিবহনের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠানো পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক সুদীপ কুমার গোপ।
এর আগে রবিবার গভীর রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
ওই নারী বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে জীবিকা নির্বাহ করতেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার কাশীয়ানি থানা এলাকার মহির উদ্দিনের ছেলে সহিদুল ইসলাম (২৮), কিশোরগঞ্জ জেলার বাজিদপুর থানার গাজারিয়ার গ্রামের ফেরদৌসের ছেলে আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের চালক আরিফ (১৮) এবং লক্ষীপুর জেলার সদর থানার যোগমেন গ্রামের কামরুল ইসলামের ছেলে সজীব (১৯)।
থানা পুলিশ জানায়, পূর্ব পরিচয়ের সূত্রে রবিবার রাতে ভুক্তভোগী ওই নারীর সাথে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় দেখা হয় অভিযুক্তদের। পরে ওই নারীসহ তারা তিনজন আশুলিয়ার পলাশবাড়ী সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই নারীকে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের ভেতরে উঠিয়ে ধর্ষণের চেষ্টা চালায় তারা। এ সময় ওই নারীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের আটক করে থানায় সোপর্দ করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তারদের বিরুদ্ধে ভুক্তভোগী নারী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। পরে সোমবার দুপুরে ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া ভুক্তভোগী নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।