করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে মেডিকেল কলেজ হাসাপাতালের আইসোলেশনে তিনি মারা যান।
মৃত ওই কৃষকের নাম আকতার হোসেন (৫২)। তিনি সদর উপজেলার ঘোনা গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রোববার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন ওই কৃষক। এরপর সোমবার ভোরে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি লকডাউন করা হয়েছে।
এ নিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ টি রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।