সিদ্ধিরগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে চার বছরের এক  শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজু শেখ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাতে সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার যুবক রাজু শেখ পিরোজপুর জেলা সদরের শংকর পাশা চালনা নামাজপুর গ্রামের মৃত আলম শেখের ছেলে। সে নারায়ণগঞ্জ মহানগরের ৪নং ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনী এলাকার হারুনের বাড়ির ভাড়াটিয়া। 

মামলার অভিযোগে শিশুটির মা উল্লেখ করেছেন, অভিযুক্ত রাজু শেখ তার পাশের বাসায় বসবাস করেন। গত ৪ জুলাই শনিবার রাত দেড়টায় তার চার বছরের শিশু মেয়ে ব্যথা ব্যথা বলে কান্না করে উঠে। তখন তাকে কোথায় ব্যথা জিজ্ঞাস করলে তার মেয়ে তাকে তার যৌনাঙ্গে ব্যথা বলে জানায়। এ সময় সে তার মেয়ের প্যান্ট খুলে দেখতে পায় তার যৌনাঙ্গ লাল হয়ে আছে। তখন সে তার মেয়েকে কেমন করে উক্ত স্থানে ব্যথা পেয়েছে জিজ্ঞাসা করলে শিশুটি জানায়,  মেয়েটি বাসার রুমের পূর্ব পাশের গেইটের আড়ালে প্রস্রাব করতে গেলে অভিযুক্ত রাজু শেখ তাকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানায়, এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা অভিযুক্ত রাজু শেখকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। গত রবিবার রাতে শিশুটির মায়ের অভিযোগের প্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।