কর্মজীবী মায়েদের সন্তান লালন-পালন আমাদের দেশে এখনও একটি বড় প্রতিবন্ধকতা নারীর স্বাবলম্বী হয়ে ওঠার ক্ষেত্রে। আর নিম্ন আয়ের বা দরিদ্র মায়েদের ক্ষেত্রে বিষয়টি আরও প্রকট। অনেক সময় তা আমাদের কল্পনাকেও হার মানিয়ে যায়।
আলোকচিত্রী জিএমবি আকাশের একটি ছবিতে সেই নির্মম বাস্তবতারই একটি চিত্র ফুটে উঠেছে। ছবিতে দেখা যায়- ট্রাকের চাকার নাটের সঙ্গে একটি শিশুকে বেঁধে রাখা হয়েছে।
জিএমবি আকাশ ছবিটি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে প্রকাশ করেন। সাধারণ ভাবে আমরা ছবিটি দেখেই চমকে উঠতে পারি। ভাবতে পারি শিশুর প্রতি নিষ্ঠুরতার কথা বা আরও কিছু।
আলোকচিত্রী জানান, ওই শিশুটির মা একজন কর্মজীবী নারী। শিশুটিও মানসিকভাবে প্রতিবন্ধী। কাজে আসার সময় শিশুটিকে কারও কাছে রেখে আসবেন এমন কেউ নেই ওই নারীর। তাই একরকম বাধ্য হয়েই ট্রাকের সঙ্গে বেধে রেখে তিনি ইট ভাঙার কাজ করছেন।
ছবিটি ফেইসবুকে প্রকাশের পর নেটিজেনদের দৃষ্টি কেড়ে নেয়। মুহূর্তেই ভাইরালও হয়ে যায় ছবিটি। ফেইসবুক পোস্টে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছবিটিতে প্রায় ৫ হাজার জন প্রতিক্রিয়া জানিয়েছেন। ছবিটি শেয়ার হয়েছে চার হাজারের বেশি এবং মন্তব্য করেছেন ৪৪৯ জন।