করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপকমিশনার মো. মিজানুর রহমান মারা গেছেন। গত রবিবার রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মির্জা সায়েম মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা আক্রান্ত হয়ে গত ২৮ জুন থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন উপকমিশনার মিজানুর রহমান। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রবিবার রাত সাড়ে ৩টার দিকে সেখানে তিনি মারা যান। তার মৃত্যুতে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। মিজানুর রহমান ২২তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশে যোগদান করেন।