চট্টগ্রামের আর্চবিশপ মজেস কস্তা মারা গেছেন

চট্টগ্রামের আর্চবিশপ মজেস কস্তা মারা গেছেন। গতকাল সোমবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

বাংলাদেশে ক্যাথলিক চার্চের সামাজিক সংগঠন কারিতাস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জেমস গোমেজ জানান, মস্তিষ্কে রক্তক্ষরণে আর্চবিশপের মৃত্যু হয়েছে। চার দিন আগে তার দুই দফায় স্ট্রোক হয় এবং তাকে আইসিইউতে নেওয়া হয়।

জেমস গোমেজ আরও জানান, সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য আর্চবিশপ মজেস কস্তার মরদেহ আজ সকাল থেকে পাথরঘাটা গির্জায় রাখা হবে। দুপুরে পাথরঘাটা এলাকার ক্যাথেড্রাল ধর্মপল্লীর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

প্রসঙ্গত, মজেস কস্তার জন্ম গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া গ্রামে। তিনি চট্টগ্রাম বিভাগে ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু ছিলেন। ২০১১ সাল থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডায়োসিসের আর্চবিশপ ছিলেন মজেস কস্তা। তিনি নগরীর কোতোয়ালি থানাধীন পাথরঘাটায় রানী জপমালা গির্জায় আর্চবিশপ হাউজে থাকতেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রামে। রাজনীতিক থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে শোক জানিয়েছেন।