সাভারের আশুলিয়ায় বাসে তুলে এক তরুণীকে (২২) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলছে, রবিবার রাতে পলাশবাড়ী এলাকার ওই ঘটনায় একই দিন রাতে বাসটির চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- গোপালগঞ্জের কাশিয়ানী থানার সহিদুল ইসলাম (২৮), বাসচালক কিশোরগঞ্জের বাজিতপুর থানার আরিফ (১৮) ও লক্ষ্মীপুরের সদর থানার সজীব (১৯)।
পুলিশ জানায়, বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে জীবিকা নির্বাহ করতেন ওই তরুণী। রবিবার রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় পূর্ব পরিচয় সূত্রে তার সঙ্গে দেখা হয় অভিযুক্তদের। এরপর হেঁটে যাওয়ার একপর্যায়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ক্ল্যাসিক পরিবহন নামে একটি বাসের মধ্যে ওই তরুণীকে তুলে ধর্ষণের চেষ্টা চালায় তারা। এ সময় তরুণীর চিৎকার শুনে ঘটনাস্থলে এগিয়ে এসে অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করে আশপাশের লোকজন। আশুলিয়া থানার এসআই সুদীপ কুমার গোপ জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। সোমবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।