মেয়েকে নিয়ে অলিম্পিক দেখতে যাবেন বোল্ট

করোনাভাইরাসের কারণে অলিম্পিক পিছিয়ে গেছে এক বছর। তাতে কিছুটা মন খারাপ আটটি অলিম্পিক স্বর্ণ জেতা, গতির রাজা উসাইন বোল্টের। কারণ এ বছর টোকিও অলিম্পিকে ছোট মেয়েসহ পরিবারকে নিয়ে দর্শক হিসেবে যেতে চেয়েছিলেন বোল্ট। সব ঠিক থাকলে আগামী বছর যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

আমেরিকার ভ্যারাইটি ম্যাগাজিনে দেওয়া এক ইন্টারভিউয়ে বোল্ট বলেন, ‘আমি অলিম্পিক দেখার জন্য আগ্রহী ছিলাম।  বিভিন্ন ইভেন্ট দেখতাম, এমনটি হলে প্রথমবার দর্শক হিসেবে দেখা হতো অলিম্পিক।’ করোনার কারণে অলিম্পিক না পেছালে তা শুরু হতো ২৪ জুলাই থেকে। বোল্ট বলেন, পৃথিবীর সবকিছু ঠিক থাকলে আগামী বছর মেয়েকে নিয়ে যাব (অলিম্পিকে)। আমার জন্য স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে যে, আমার প্রথম সন্তান আমার সঙ্গে ট্র্যাকে হাঁটবে।’ এ বছরের ১৭ মে বোল্ট মেয়ের বাবা হন। নাম রেখেছেন অলিম্পিয়া লাইটেনিং বোল্ট। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমবারের মতো মেয়েকে দেখান বোল্ট।  বোল্ট আরও বলেন, ‘বিশ্বরেকর্ড ভাঙার চেয়ে এটা (বাবা হওয়া) কঠিন। আমি প্রথম সপ্তাহে ভয়ে না ঘুমাতে পেরে অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমি সারা রাত জেগে শুধু তাকে (মেয়ে) দেখতাম।’

২০০৮, ২০১২, ২০১৬ পরপর তিনটি অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে সোনা জেতা একমাত্র অ্যাথলেট বোল্ট।  ১১ বারের বিশ্বচ্যাম্পিয়ন বোল্ট ২০১৭ সালে অবসর নেন।  ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার, ১৯.১৯ সেকেন্ডে ২০০ মিটার দৌড়ের বিশ্বরেকর্ডের মালিক তিনি।