চট্টগ্রামের আনোয়ারায় আরও পাঁচজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় কভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ১৫৮ জনে।
মঙ্গলবার সকালে আনোয়ারা থানার করোনা কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। গত ১১ ও ১২ জুলাই তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
আক্রান্ত পাঁচজনই পুরুষ, তাদের বয়স ২২-৬৩ বছরের মধ্যে। তারা উপজেলার দক্ষিণ পরুয়াপাড়া, কৈখাইন, চাঁপাতলী, ছিরাবটতলী ও চাতরী গ্রামের বাসিন্দা।
তার মধ্যে একজন চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় বাস করেন।
আনোয়ারা থানার এএসআই এমরান হোসেন বলেন, আক্রান্ত ব্যক্তিদের হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দীন বলেন, উপজেলায় এ পর্যন্ত কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ১৫৮ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ১০২ জন আর মারা গেছেন চারজন।