বন্যার মধ্যেই বগুড়া-১ আসনের উপনির্বাচনে অনেকটা নিয়মরক্ষার ভোটগ্রহণ চলছে। কেন্দ্রে ভোটার উপস্থিতি তেমন দেখা যায়নি।
বগুড়া-১ আসনের রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ বলেন, সকাল ৮টার মধ্যে সব কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে সকাল ৯টা থেকে ভোট শুরু হয়েছে।
এদিকে বগুড়ায় বন্যার পানি বেড়ে যাওয়ায় ১৬টি ভোটকেন্দ্র স্থানান্তর করে অস্থায়ী কেন্দ্র স্থাপন করে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় সারিয়াকান্দি ও সোনাতলার ১৬টি ভোটকেন্দ্র স্থানান্তর করা হয়েছে।’
তবে নির্বাচনে ভোটারদের তেমন আগ্রহ দেখা যায়নি। সকাল সোয়া ৯টায় সরিয়াকান্দির মথুরাপাড়া ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানে মাত্র আটজন ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন।
গত ১৮ জানুয়ারি আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য আবদুল মান্নান মারা গেলে বগুড়া-১ আসনটি শূন্য হয়। এ আসনে ৩ লাখ ৩০ হাজার ৮৯৩ জন ভোটার।
উপ-নির্বাচনে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী সাবেক সংসদ সদস্য আবদুল মান্নানের স্ত্রী সাহাদারা মান্নান (নৌকা), বিএনপির একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ), জাতীয় পার্টির মোকছেদুল আলম (লাঙল), প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. রনি (বাঘ), বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম (বটগাছ) ও স্বতন্ত্র ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (ট্রাক)।
তবে করোনা মহামারীর কারণে ভোটগ্রহণ পিছিয়ে দেওয়ার দাবি জানায় বিএনপি। নির্বাচন কমিশন তাদের দাবি নাকচ করে দিলে নির্বাচন থেকে সরে দাঁড়ায় দলটি। ব্যালট থেকে প্রতীক সরিয়ে নেওয়ারও আবেদন জানায় বিএনপি।
যশোর ও বগুড়া উপ নির্বাচন গত ২৯ মার্চ হওয়ার কথা ছিল। ওই সময়ে ভোট আয়োজনের সব ধরনের ব্যয় বরাদ্দও করা হয়েছিল। ভোটের এক সপ্তাহ আগে ২১ মার্চ তা মহামারীর কারণে স্থগিত হয়ে যায়।