করোনা আতঙ্কের মাঝে সমুদ্র সৈকতে সানি লিওনি

করোনায় ভারতজুড়ে লকডাউন শুরু হলে মুম্বাই ছেড়ে লস অ্যাঞ্জেলস উড়ে যান সানি লিওনি। সঙ্গে ছিলেন স্বামী ড্যানিয়েল ওয়েবার। তিন ছেলে-মেয়ে নিশা, আশার ও নোয়ার সুরক্ষার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন বলিউড নায়িকা।

যুক্তরাষ্ট্র থেকে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জন্য নানান ধরনের ছবি-ভিডিও শেয়ার করেছেন সানি। জানিয়েছেন গৃহবন্দি জীবন ও ছেলেমেয়েদের কথাও। বাদ পড়েনি বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনও।

এবার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি নতুন ছবি শেয়ার করে অন্য বার্তা দিলেন সানি। যা দেখে কেউ কেউ সমালোচনাও করেছেন।

দেখা যাচ্ছে, করোনা আতঙ্কের মাঝেই ক্যালিফোর্নিয়াতে চুটিয়ে মজা করতে ছাড়ছেন না ‘জিসম টু’ নায়িকা। স্থানীয় সমুদ্র সৈকতে অভিনেত্রীকে দেখা গিয়েছে নীলরঙা বিকিনিতে। সঙ্গে সানগ্লাস ও টুপি। পাশে একই রকম হ্যান্ডসাম দেখাচ্ছে স্বামী ড‍্যানিয়েলকেও। আছে দম্পতির তিন ছেলে-মেয়েও।

কিছুদিন আগেই যদিও একবার সপরিবারে সমুদ্রে ঘুরতে গিয়েছিলেন সানি। সেবার গেরুয়া রঙের পোশাকে ধরা দিয়েছিলেন তিনি। ভাইরাল হয় সেই সব ছবিও। তবে উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা নিয়েই সন্তানদের নিয়ে ঘুরতে গিয়েছেন বলে জানান।

এ দিকে করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহত আছে যুক্তরাষ্ট্রে। সবশেষ চব্বিশ ঘণ্টায়ও প্রায় ৬০ হাজার নতুন আক্রান্ত দেখেছে দেশটি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৬টা) চব্বিশ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৫৯ হাজার ২২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তাতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩৩ লাখ ৬০ হাজারের বেশি; যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ।

যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৫৮২ জন। মৃতের বৈশ্বিক তালিকাতেও আগে থেকেই শীর্ষে দেশটি।