চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় ৯ জনকে আটক করেছে বিজিবি।
সোমবার রাতে তাদের আটক করা হয়। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে তাদের।
আটকরা হলেন- রাজশাহীর গোদাগাড়ি উপজেলার ওয়াজ উদ্দীনের ছেলে রবিউল ইসলাম (২৯), রফিকুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (৩০), মজিবুর রহমানের ছেছে সাহাবুর (২৫), চর আলাতুলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে হায়াতুল (৩০), মাটিকাটা গ্রামের আবুল কাশেমের ছেলে মিজানুর রহমান (২৪), আশেরদহ দিয়ার মানিকচরের হাবিবুর রহমানের ছেলে রবিউল ইসলাম (২৫), মহারাপুরের আইয়েম আলীর ছেলে এলিম (২০), আশেরদহ গুচ্ছ গ্রামের সাইদুর রহমানের ছেলে কামাল শেখ (২৫) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলির আসাদ আলীর ছেলে উকিল হোসেন (৩২)।
চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি’র ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সরুজ মিয়া জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখরআলী সীমান্ত ঘাট দিয়ে ভারত থেকে মানুষ অনুপ্রবেশ করবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই এলাকায় বিজিবি টহল শুরু করে। রাত সাড়ে ১০টার দিকে সীমান্ত পিলার ২৩/৪ এস এর কাছ দিয়ে ৯ জন মানুষ ভারতে প্রবেশ করলে সীমান্ত থেকে ২ কিলোমিটার বাংলাদেশ অংশে তাদের আটক করা হয়।
আটক হওয়াদের বরাত দিয়ে তিনি বলেন, তারা বিভিন্ন সময় দালালদের মাধ্যমে ভারতে গিয়েছিল আবার দালালদের মাধ্যমে তারা বাংলাদেশে ঢুকছিল।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় তাদের সোপর্দ করা হয়েছে এবং অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মামলা হয়েছে।