শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ

ফরিদপুরের সদরপুর উপজেলার বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। 

অভিযুক্ত শিক্ষকের নাম মো. মিজানুর রহমান। সে সদরপুর উপজেলার সতেররশি গ্রামের মৃত মুনছের আলী বেপারীর পুত্র।

সোমবার রাতে সদরপুর থানায় ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে শিক্ষকের বাড়ি থেকে তাকে আটক করেছে।  মঙ্গলবার সকালে সদরপুর থানা পুলিশ ফরিদপুর কোর্ট হাজতে পাঠিয়েছে।  

মামলার এজাহারের উল্লেখ করা হয়, স্কুলের ওই শিক্ষক বিভিন্ন প্রলোভন দেখিয়ে ছাত্রীর সাথে সখ্যতা গড়ে তোলে। এরপর ফাঁদে ফেলে সদরপুর উপজেলার পরিত্যক্ত ভবনে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ করে মোবাইলে নগ্ন ভিডিও ধারণ করে। 

এ বিষয়ে সদরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. মশিউর রহমান জানান, শিক্ষকের বিরুদ্ধে সদরপুর থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করে ফরিদপুর জেল কোর্ট হাজতে পাঠানো হয়েছে। 

পুলিশ জানান, আটক শিক্ষক মিজানুর রহমানের মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়েছে।  বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, এ বিষয়টি প্রমাণিত হলে সরকারি বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন বলেন, বিষয়টি আমরা জেনেছি। তার বিরুদ্ধে কর্তৃপক্ষ কে জানানো হয়েছে।