‘একটি একঘেয়ে ফিল্ম’ নিয়ে লোকার্নোয় মাহদীর প্রতিযোগিতা

একাধিক স্বল্পদৈর্ঘ্য সিনেমা নিয়ে আন্তর্জাতিক আসরে অংশ নিয়েছেন মাহদী হাসান। বিশেষ করে সুইজারল্যান্ডের লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে তার যাতায়াত নিয়মিত!

তবে প্রথমবারের মতো এই উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণের সুযোগ মিলল তার।

মাহদী সোমবার এক ফেইসবুক পোস্টে জানান, তার ‘আ বোরিং ফিল্ম’ বা ‘একটি একঘেয়ে ফিল্ম’ লোকার্নোর এবারের আসরের পারডি ডি ডোমনি ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য নির্বাচিত হয়েছে।  

জানা গেছে, সারা বিশ্ব থেকে এই আয়োজনে দুই হাজারের বেশি ছবি জমা পড়েছে। আর নির্বাচিত ৪৩টির অন্যতম বাংলাদেশের ‘আ বোরিং ফিল্ম’।

মূলত ডিজিটালি এবারের আসর বসছে। চলবে ৫ থেকে ১৫ আগস্ট। বিস্তারিত জানা যাবে লোকার্নো ফেস্টিভ্যালের ওয়েবসাইটে।

পরিচালনার পাশাপাশি ‘আ বোরিং ফিল্ম’-এর লেখকও মাহদী হাসান। সম্পাদনাসহ সামলেছেন একাধিক বিভাগ। তার সঙ্গে চিত্রগ্রহণে ছিলেন দিব্য সমাদ্দার ও শব্দে অরণ্যক পৃথিবী। আর সহকারী পরিচালক হিসেবে ছিলেন ফ্রাঙ্কলিন ফুজি। কারিগরি সহযোগিতায় ছিলেন সিয়াম রায়হান। প্রযোজনা করেছেন মাহাজাবিন খান ও মুহাম্মদ আনোয়ার হোসাইন।

মাহদীর নির্মাণ বরাবরই নিরীক্ষাধর্মী। এর আগে লোর্কানোর তিনটি আলাদা সংস্করণে তার ছবি প্রদর্শিত হয়েছে। বর্তমানে প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘স্যান্ড সিটি’র প্রস্তুতি নিচ্ছেন। ছবিটি গত বছরের কান চলচ্চিত্র উৎসবে ‘লা ফেবরিক: তু লেস সিনেমাস দ্যু মন্ড’ বিভাগে নির্বাচিত হয়।

মাহদী নির্মিত অন্য স্বল্পদৈর্ঘ্যের ছবির মধ্যে রয়েছে ফটোগ্রাফস অব আ স্কুল টিচার (২০১২), থ্যাংক ইউ (২০১২), আই অ্যাম টাইম (২০১৩), হয়ার ইজ দ্য মাই ফ্রেন্ডস হোম (২০১৭) ও ডেথ অব আ রিডার (২০১৭)।