মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশে গণপূর্ত অধিদপ্তরের দপ্তরগুলো বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে। মঙ্গলবার সংস্থাটির প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবন চত্বরে বৃক্ষরোপণ করে দেশব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন।
কর্মসূচির অংশ হিসেবে একটি ফলদ বৃক্ষ (আম), একটি ঔষধী বৃক্ষ (অর্জুণ) এবং একটি বনজ বৃক্ষ (কাঠবাদাম) রোপণ করেন প্রধান প্রকৌশলী।
এ সময় গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খালেদ হোসাইনসহ একাধিক নির্বাহী প্রকৌশলী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনে উপস্থিত হয়ে প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী সরকারের হাতে নেওয়া নানা কার্যক্রম বাস্তবায়নে গণপূর্ত অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা রাজধানীসহ সারাদেশে গণপূর্তের সব ধরনের দপ্তরগুলোতে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছি। প্রধানমন্ত্রী ঘোষিত ‘একটি গাছ কাটা হলে তিনটি গাছ লাগানোর নির্দেশ’ বাস্তবায়নেও কাজ করছি’।
তিনি আশা প্রকাশ করে বলেন, এ উদ্যোগের ফলে সরকারের হাতে নেওয়া বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের পথে একধাপ এগিয়ে যাবে।