তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রযুক্তি নির্ভর স্থানীয় উদ্ভাবন দিয়েই করোনাকালের মতোই পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে সরকার। আর এ জন্য উদ্যোক্তা সংস্কৃতির উন্নয়ন এবং ধনী-গরিব, শহর-গ্রামের বৈষম্য ঘুচতে আইসিটি বিভাগ নিরন্তর কাজ করছে।
মঙ্গলবার কোভিড এক্সিলারেটরের প্রথম পর্বের গ্রাজ্যুয়েশন প্রদান উপলক্ষে আয়োজিত এক অনলাইন সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
জুনাইদ আহমেদ পলক বলেন, পরিবর্তিত নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েই আইসিটি বিভাগ ভবিষ্যত বিনির্মাণের কৌশল অবলম্বন করেছে।
তিনি বলেন, জন্মগতভাবেই আমরা সমস্যা সমাধান ও ঝুঁকি গ্রহণের জাতি। প্রতিবছরই আমাদের ঘুর্ণিঝড় ও বন্যা মোকাবেলা করতে হয়।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদের পরামর্শে বিগত ১১ বছরে গড়ে তোলা ডিজিটাল অবকাঠামোর মাধ্যমে গত ৪ মাসে কোভিড ১৯ মহামারিতে প্রযুক্তি ব্যবহার করে এই দুর্যোগ মোকাবেলা করতে আমরা সক্ষম হয়েছি। নগারিকের মৌলিক চাহিদা পূরণ করতে পেরেছি।
আর উদ্ভাবন উদ্যোগ বাস্তবায়নে এই মুহূর্তে আমরা নিজেদের এলাকাতেই বেশি দৃষ্টি দেশের দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
প্যানেল আলোচনায় অন্যান্যদের মধ্যে আরও অংশ নেন ইউএস ম্যাকের সহ প্রতিষ্ঠাতা ক্রিস্টোফার বেরি, ইউসি বার্কলের ব্যবস্থাপনা পরিচালক কেন সিঙ্গার, অ্যাঞ্জেল ক্যাপিটাল অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদের সদস্য রোনাল্ড ওয়াইজম্যান, ক্যারেজ টেকনলোজি ভেঞ্চার অব ইউরোপিয় ইউনিয়নের ব্যবস্থাপনা পরিচালক বিল রিচার্ড এবং গ্লোবাল স্টার্টআপ মেন্টর স্টিভ অ্যাডেলম্যান।