রাজধানীর বাড্ডায় ভবন থেকে নিচে পড়ে বিকাশ শীল (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে বাড্ডার আফতাব নগরে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে তিনি মারা যান।
নিহতের সহকর্মীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, বিকাশের বাড়ি বরগুনা সদর উপজেলার ছোটভাইঝোড়া গ্রামে। তার বাবার নাম পুলিন শীল। নির্মাণ শ্রমিকের কাজ করতো সে।
আফতাব নগর লোহার ব্রিজ এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিকাশ ৬ তলা থেকে নীচে পড়ে যায়। সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সন্ধ্যা সাড়ে ৬টায় মৃত ঘোষণা করেন।
মৃতদেহটি ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।