গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় আকারের বন্যা মোকাবিলা করতে যাচ্ছে বাংলাদেশ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রধান আরিফুজ্জামান ভূঁইয়া বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান। খবর: আল জাজিরা।
তিনি আরো বলেন, দেশের বেশিরভাগ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। গ্রামের পর গ্রাম, সড়ক পানিতে ডুবে গেছে। প্রায় দেড় কোটি মানুষ এ বন্যার কবলে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এএফপির পতিবেদনে বলা হয়, গত মাসের শেষে (জুন) এ বন্যার শুরু। এরপর বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে থাকে। অনেক প্রান্তিক এলাকার ফসলের ব্যাপক ক্ষতি হয় এবং মানুষকে তার ঘরবাড়ি ছেড়ে দিতে হয়।
বাংলাদেশের ওপর দিয়ে মোট ২৩০টি নদী রয়েছে যার ৫৩টি ভারত হয়ে বাংলাদেশে এসেছে জানিয়ে ওই প্রতিবেদনে আরো বলা হয়, হিমালয়ে উৎপন্ন ব্রহ্মপুত্র ও গঙ্গা বেয়ে ভারি বৃষ্টির পানি ভারত ও বাংলাদেশের ওপর দিয়ে বয়ে চলেছে।
কৃষক সামসুদ্দোহা বলেন, বন্যার পানি বেড়েই চলেছে। মানুষ, গরু সবাই আটকা পড়েছি। একটা নৌকা বানিয়েছি যাতায়াতের জন্য। তবে আমাদের খাবারের সংকট রয়েছে। আমাদের রান্নার চুলা ডুবে গেছে।
উত্তরে ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার ৪০ সেমি ওপর দিয়ে বইছে বলে এএফপিকে জানান সিরাজগঞ্জের ডিসি ফারুক আহমেদ।
আরিফুজ্জামান ভূঁইয়া বলন, আগামী ১০ দিনের পূর্বাভাস মতে বন্যার পানি আরো বাড়বে। এভাবে চলতে থাকলে দেশের অন্তত ৪০ ভাগ মানুষ বন্যাকবলিত হবে।