আজারবাইজান ও আর্মেনিয়া সীমান্তে দুই পক্ষের গোলাগুলিতে চারজন আজেরি সৈন্য নিহত ও কয়েকজন আর্মেনি সৈন্য ও পুলিশ আহত হয়েছেন। গত সোমবার দেশ দুটির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উভয় দেশই পরস্পরের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ করেছে।
আর্মেনীয় নৃগোষ্ঠী অধ্যুষিত আজারবাইজানের নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে এই দুই সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে, তবে এবারের সংঘর্ষের ঘটনাটি ওই বিরোধপূর্ণ অঞ্চল থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে আর্মেনিয়ার তাভুশ অঞ্চলে ঘটেছে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সংঘর্ষে তাদের চারজন সৈন্য নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের তিন সৈন্য ও দুই পুলিশ কর্মকর্তা সংঘর্ষে আহত হয়েছেন।