প্রান্তিক জনগোষ্ঠীর আবাসন

২০ জুলাইয়ের মধ্যে কাজ শেষ করতে নির্দেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মিতব্য ৫৫৯টি ফ্ল্যাটের অবশিষ্ট নির্মাণকাজ ২০ জুলাইয়ের মধ্যে শেষ করার জন্য ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশনা দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেছেন, ১৪ তলাবিশিষ্ট ৩টি নির্মাণাধীন ভবন প্রান্তিক কর্মজীবী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক নিরাপত্তারই অংশ। এই আবাসন প্রকল্পের ৫৫৯টি ফ্ল্যাট শিগগিরই পরিচ্ছন্নতাকর্মীদের পরিবারের কাছে হস্তান্তরের মধ্য দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।  গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর বান্ডেল রোডস্থ সেবক কলোনিতে নির্মাণাধীন আবাসন প্রকল্প পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বান্ডেল রোডস্থ সেবক কলোনি ১০০ কোটি টাকা ব্যয়ে তিনটি বহুতল ভবন নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পাশাপাশি নগরীতে চসিকের আরও তিনটি সেবক কলোনিতে বহুতল আবাসিক ভবন নির্মাণকাজ সমাপ্তির পথে। এভাবে সব পরিচ্ছন্নতা কর্র্মীর মাথাগোঁজার ঠাঁই তৈরি করে দিয়ে মানুষের অন্যতম একটি প্রধান মৌলিক অধিকার বাসস্থানের চাহিদা পূরণ করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।

সিটি মেয়র বলেন, চট্টগ্রাম নগরীতে পর্যায়ক্রমে প্রান্তিক জনগোষ্ঠী প্রতিটি পরিবারকে আর্থ-সামাজিক নিরাপত্তা বলয়ে আওতায় এনে সরকার দারিদ্র্য বিমোচনের যে লড়াই অব্যাহত রেখেছেন তা করোনাকালে আপাতত স্তিমিত হলেও কখনো গতি হারাবে না। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগে পরিচ্ছন্নতাকর্মীদের মোট সংখ্যা ৩৬৩৯ জন। তাই তাদের আবাসনের চাহিদার তুলনায় তা পূরণ করার সামর্থ্য অপ্রতুল। সেবক কলোনিতে নির্মিতব্য আবাসন কমপ্লেক্সে শিক্ষা ও স্বাস্থ্যসেবাকেন্দ্র, চিত্তবিনোদন কেন্দ্র ও প্রার্থনার উপাসনালয় থাকবে।