‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরের শেষকৃত্য সম্পন্ন হবে আজ দুপুরে। এই উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রাজশাহীর সিটি চার্চের সামনে তৈরি করা হয়েছে মঞ্চ। এখানে শ্রদ্ধা নিবেদন শেষে নগরের কালেক্টরেট মাঠের পাশে খ্রিষ্টানদের কবরস্থানে তাকে সমাহিত করার কথা রয়েছে।
চার্চের সামনে টানানো একটি ব্যানারের বড় অক্ষরে লেখা ‘এন্ড্রু কিশোরের প্রতি শ্রদ্ধাঞ্জলি।’ আরও লেখা আছে ‘মেঘগুলি আমার জীবনে ভেসে আসে, আর বৃষ্টি বা সূর্যের ঝড় বহন করে না, বরং আমার সূর্যাস্তের আকাশে রং যোগ করে।’
জানা যায়, সকাল দশটা নাগাদ সর্বস্তরের জনগণ এই গায়ককে শ্রদ্ধা জানাতে পারবেন। সেখানে ১২টা পর্যন্ত থাকবে মরদেহ।
৬ জুলাই রাজশাহীর এলাকায় বোন শিখা বিশ্বাসের বাসায় এন্ড্রু কিশোর শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তারপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হিমঘরে রাখা হয়।
এই শিল্পীর দুই সন্তান ছেলে জে এন্ড্রু সপ্তক ও মেয়ে মিনিম এন্ড্রু সংজ্ঞা। দুজনেই অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। তাদের জন্যই মৃত্যুর নয়দিন পর শেষকৃত্যের আনুষ্ঠানিকতা হচ্ছে।