বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় দায়ের করা মামলার আসামি ময়ূর-২ লঞ্চের ইঞ্জিন চালক শিপন হাওলাদার ও শাকিল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সদরঘাট নৌ-পুলিশ স্টেশন।
নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইতোমধ্যে মামলার প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ এবং মাস্টার আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, রাজধানীর শ্যামবাজারসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ২৯ জুন সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-মুন্সীগঞ্জ রুটের এমভি মর্নিং বার্ড নামে দোতলা লঞ্চটি ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায়। এতে ৩৪ জন নিহত হন।
পরদিনই ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ ও চালকসহ সাতজনের নাম উল্লেখ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাশার, মাস্টার জাকির হোসেন, স্টাফ শিপন হাওলাদার ও শাকিল হোসেনসহ কয়েকজন।
এ দিকে মামলাটি তদন্তে ১৭ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার।