দেশে একদিনে মৃত্যু ৩৩, শনাক্ত ৩৫৩৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চব্বিশ ঘণ্টায় দেশে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৪ হাজার ২টি নমুনা পরীক্ষা করে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে আরও ৩ হাজার ৫৩২ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বুধবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৪৫৭ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জন। এর মধ্যে ১ হাজার ৭৯৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫ হাজার ২৩ জন।

সবশেষ হিসেব অনুযায়ী, দেশে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৫.২৩ শতাংশ, মৃত্যুর হার ১.২৭ শতাংশ এবং সুস্থতার হার ৫৪.২৫ শতাংশ।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বুধবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

চব্বিশ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের ২৭ জন পুরুষ, ছয়জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগের ১৬ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, পাঁচজন খুলনা বিভাগের, তিনজন রংপুর বিভাগের এবং দুজন রাজশাহী বিভাগের।

বয়স বিশ্লেষণে দেখা যায়, চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে ৫১-৬০ বছর বয়সীদের মধ্যে, ৬১-৭০ বছরের মধ্যে রয়েছেন সাতজন, পাঁচজন করে রয়েছেন ৭১-৮০ ও ৪১-৫০ বছর বয়সীদের মধ্যে, ৩১-৪০ বছরের মধ্যে মৃত্যুবরণ করেছেন তিনজন, ৮১-৯০ বছরের মধ্যে মৃত্যুবরণ করেছেন দুজন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে মৃত্যু হয়েছে একজনের।