বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডিএমডি বেলায়েত হোসেন মারা গেছেন

বসুন্ধরা গ্রুপের সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মুক্তিযোদ্ধা মো. বেলায়েত হোসেন গতকাল বুধবার সকালে এভারকেয়ার হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। বেলায়েত হোসেন ১৯৮৯ সালে বসুন্ধরা গ্রুপের জন্মলগ্ন থেকে যোগদান করে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি স্ত্রী, তিন মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মো. বেলায়েত হোসেনের মৃত্যুতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান গভীর শোকপ্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, বেলায়েত হোসেনের মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি যা সহজে পূরণ হবে না। বসুন্ধরা গ্রুপে তার অবদান কোনোদিন ভুলবার নয়। এমন একজন ঘনিষ্ঠ বন্ধু-সহকর্মীকে হারিয়ে আমি গভীর বেদনা ও শোক অনুভব করছি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বেলায়েত হোসেন ১৯৫০ সালের জানুয়ারি মাসে কুমিল্লা জেলার বরুড়ায় জন্মগ্রহণ করেন।