জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া কদমতলী ব্রিজের কাছ থেকে রুবেল হোসেন ডালিম নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের দাবি, ডালিম এলাকার চিহ্নিত মাদক কারবারি। মাদকদ্রব্যের ভাগবাটোয়ারা নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বে দুইপক্ষের মধ্যকার গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে।
তবে নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে খাসপাহনন্দা মিশন এলাকায় নিজের দোকান থেকে ডালিমকে কয়েকজন জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। গতকাল সকালে হাসপাতাল থেকে ফোন করে মৃত্যুর কথা জানানো হয়।
পুলিশ সুপার সালাম কবির জানান, মাদক কারবারি দুইপক্ষের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ভুটিয়াপাড়া কদমতলী ব্রিজে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ডালিমের লাশ এবং একটি বিদেশি পিস্তল, বেশ কিছু ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়। ডালিমের বিরুদ্ধে জয়পুরহাট থানায় হত্যা, অপহরণ ও মাদকদ্রব্য আইনে ৮টি মামলা রয়েছে বলে জানান তিনি।