দক্ষিণ চীন সাগরে আধিপত্য নিয়ে চলমান উত্তেজনার মধ্যে সামরিক মহড়া শুরু করেছে তাইওয়ান।
আলজাজিরা জানায়, মহড়াটিতে বৃহস্পতিবার তাইওয়ানের মধ্য শহর তাইচংয়ে গোলাবারুদ নিক্ষেপ করে দেশটির সামরিক বাহিনী।
চীনা আধিপত্যকে সতর্কবার্তা দিতে শুরু হওয়া সামরিক মহড়াটি প্রত্যক্ষ করবেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন।
পাঁচদিন ধরে চলা যুদ্ধ প্রস্তুতি নিয়ে এই মহড়া শেষ হবে শুক্রবার। এ বছরের শুরুতে মহড়াটি হওয়ার কথা ছিল, করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়।
বুধবার সাবমেরিন থেকে টর্পেডো নিক্ষেপ করে তাইওয়ান নৌ বাহিনী। গত ১৩ বছরের মধ্যে এই প্রথম বার্ষিক সামরিক মহড়ায় এই মারণাস্ত্র নিক্ষেপ করল দেশটি।
এই মহড়া চলাকালীন তাইওয়ানের পূর্ব উপকূলে চীনের দুইটি পর্যবেক্ষণকারী জাহাজ দেখা গেছে বলে তাইওয়ানের বার্তা সংস্থা সিএনএ জানায়।
গত কয়েক মাসে তাইওয়ানের বিমান প্রতিরক্ষা জোনে চীনা সামরিক বিমান বারবার অভিযান চালায় বলে অভিযোগ দ্বীপরাষ্ট্রটির সরকারের।
এদিকে দক্ষিণ চীন সাগরে গুরুত্বপূর্ণ এলাকায় চীন সরকার নিজেদের অধিকার দাবি করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সাগরের বেশিরভাগ অংশের সম্পদের উপর বেইজিংয়ের দাবিকে ‘পুরোপুরি বেআইনি’ বলে অ্যাখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র।