করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে পুলিশ কনস্টেবল মো. সিরাজুল ইসলাম মারা গেছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগে কর্মরত ছিলেন।

রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টা ৩৮ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা দেশ রূপান্তরকে বলেন, সিরাজুল করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সিরাজুল ১৯৯৪ সালের ১০ জানুয়ারি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার চর্ক পাঁচপাড়া গ্রামে।

সোহেল রানা আরও বলেন, পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে ৫২ জন পুলিশ সদস্য মারা গেছেন।