রিয়াল মাদ্রিদ নিজেদের ম্যাচে জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে শিরোপা, এমন সমীকরণের দিনে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা মাঠে নামল ঠিক একই সময়ে। অলৌকিক কিছু না ঘটলে যাদের শিরোপা হাতছাড়া হওয়াটা নিশ্চিতই ছিল। তাই বলে ওসাসুনার বিপক্ষে বার্সা হেরে যাবে এমনটা আশা করেনি কেউ-ই।
বৃহস্পতিবার ১-২ গোলে হার মানে বার্সেলোনা। শিরোপা হাতছাড়া হওয়ার দিনে লিগে ৪৩ ম্যাচ পর ঘরের মাঠে হারল লিওনেল মেসিরা।
রিয়াল মাদ্রিদ এদিন ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে থাকতেই শিরোপা নিশ্চিত করেছে।
শেষ দিকে ওসাসুনা খেলেছে ১০ জন নিয়ে। এরপরও এদিন পরাজয়ের গ্লানি বার্সার। ১৫ মিনিটে হোসে আরনাইস এগিয়ে দেন ওসাসুনাকে। বিরতির পর ম্যাচের ৬২ মিনিটে লিওনেল মেসি সমতা এনে দিয়েছিলেন দলকে।
তবে যোগ করা সময় গোল করে ওসাসুনার জয় নিশ্চিত করেন রবার্তো তোরেস। লিগে বার্সেলোনা ঘরের মাঠে সবশেষ হেরেছিল ২০১৮ সালের নভেম্বরে, রিয়াল বেতিসের বিপক্ষে।
এক রাউন্ড বাকি থাকতে ৩৭ ম্যাচে ২৬ জয় ও ৮ ড্রয়ে ৮৬ পয়েন্ট চ্যাম্পিয়ন রিয়ালের। সমান ম্যাচে ২৪ জয় আর ৭ ড্রয়ে ৭৯ পয়েন্ট দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার।
লিগ শিরোপা খোয়ানো বার্সেলোনার সামনে এখন কেবল চ্যাম্পিয়ন্স লিগে শিরোপার সুযোগ থাকল। তবে করোনা বিরতির পর তাদের যে পারফরম্যান্স, তাতে সেই পথ অনেক কঠিনই বলতে হবে।
৮ আগস্ট শেষ ষোলোর দ্বিতীয় লেগে নাপোলিকে আতিথ্য দেবে বার্সা। প্রতিপক্ষের মাঠে প্রথম লেগ ১-১ গোলে ড্র করে ফিরেছিল কিকে সেতিয়েনের দল।
আরো পড়ুন: