রাজধানীর পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার ভোর পর্যন্ত দুর্ঘটনা দুটি ঘটে। এর মধ্যে বিমানবন্দর এলাকায় কার্গোর ধাক্কায় ফয়সাল (৪৮) নামে এক ব্যবসায়ী ও কেরানীগঞ্জের ঘাটারচরে ট্রাকচাপায় জিন্নাত বেপারী (২৩) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এছাড়া বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদরে ট্রাকের ধাক্কায় মইনুল ইসলাম আওয়াল (২৭) নামে মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বিমানবন্দর থানার এসআই মো. মশিউর আলম জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নিজেই প্রাইভেটকার চালিয়ে বিমানবন্দর এলাকার পদ্মা অয়েল ফিলিং স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিলেন ফয়সাল। এসময় সেখানে থামিয়ে রাখা একটি কার্গো পেছন থেকে প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তর জন্য লাশ মর্গে রাখা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. বর্ষন জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে রিকশা নিয়ে ঘাটারচর থেকে বসিলা ব্রিজের দিকে যাচ্ছিলেন জিন্নাত। এসময় পেছন থেকে একটি ট্রাক এসে তার রিকশাটিকে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু তার। কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলে করে নিজ দোকানে যাচ্ছিলেন আওয়াল। পথে সাতক্ষীরা-আশাশুনি সড়কের মুন্সিপাড়া এলাকায় একটি পণ্যবাহী ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় দায়ী ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।