দুর্নীতির অভিযোগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, আওয়ামী লীগদলীয় সাবেক সাংসদ আবদুল লতিফ সিদ্দিকীর মামলার বিচার কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহালই থাকছে। হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত ছয় বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ ওই আদেশ বহাল রাখে। একই সঙ্গে এই মামলার কার্যক্রম বাতিল প্রশ্নে হাইকোর্টের দেওয়া রুল ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। ভিডিও কনফারেন্সে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শহীদুল ইসলাম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।