পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল চেয়ে ১০ দফা সুপারিশ

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল চেয়ে ১০ দফা সুপারিশ দিয়েছে পাটশিল্প রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা সিপিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ সুপারিশমালা দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা।

১০ দফা সুপারিশের মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত মিলগুলো বিরাষ্ট্রীকরণের সিদ্ধান্ত বাতিল করে রাষ্ট্রের হাতে রাখা, পাটকল লোকসানের কারণ চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা, পাটের সঙ্গে জড়িতদের নিয়ে একটি জাতীয় সংলাপের আয়োজন করা, সেই অনুযায়ী পাটকল চালানোর সিদ্ধান্ত নেওয়া, আগে ৭৭ পাটকল পরিচালনা করতে বিজেএমসির বর্তমানে যে কাঠামো রয়েছে তা পরিবর্তন করে ২৫টি পাটকলকে পরিচালনার মতো দক্ষ ব্যবস্থাপনাকাঠামো তৈরি করা ও রাষ্ট্রায়ত্ত সব মিলের মাথা ভারী প্রশাসন কমানো। লিখিত বক্তব্যে কুদরত-ই-খুদা বলেন, ‘ইতিহাস বলে অতীতে যেসব মিল-কলকারখানা বিরাষ্ট্রীকরণ করা হয়েছিল তার একটিও চলেনি; বরং স্বার্থান্বেষী মহল এসব মিল দেখিয়ে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে।