স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণ দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কফিন মিছিলে বাধা দিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শাহবাগে মিছিলটি আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জোটের একজন নারী নেত্রী আহত হন বলে দাবি করেছে সংগঠনটি।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে মিছিল শুরুর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রগতিশীল ছাত্রজোটের নেতারা বলেন, এ সরকার আজ দুর্নীতিতে পুরো নিমজ্জিত। মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকারকেও সে বলপ্রয়োগ করে দমন করছে। সরকারের দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে মানুষ যেন কথা বলতে না পারে সেজন্য করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮।