পোর্তোর ২৯তম লিগ শিরোপা

দু’ম্যাচ হাতে রেখেই পর্তুগিজ প্রিমেইরার শিরোপা নিশ্চিত করেছে পোর্তো। বুধবার তারা ২-০ গোলে হারায় স্পোর্টিং লিসবনকে। তাতে ৩২ম্যাচ শেষে তাদের পয়েন্ট দাঁড়ায় ৭৯, যা দ্বিতীয় স্থানের বেনফিকার চেয়ে ৮ পয়েন্ট বেশি। যদি পোর্তো ড্র করত আর পরবর্তী দুই ম্যাচ হারত এবং বেনফিকা তাদের সব ম্যাচ জিতত, তবুও হেড টু হেডে এগিয়ে থেকে শিরোপা জিতত পোর্তোই। বুধবার ম্যাচের শুরুতেই লিসবনের একটি গোল বাতিল হয় ভিএআরে, অফসাইডের কারণে। ৬৪ মিনিটে মিডফিল্ডার দানিলো পেরেইরা এবং ম্যাচের ইনজুরি সময়ে মালির স্ট্রাইকার মুসা মারেগা গোল করেন।

মজার বিষয় হলো ১৯৩৪ সালে শুরু হওয়া পর্তুগিজ লিগ এখন পর্যন্ত জিতেছে মোট ৫টি ক্লাব। সর্বোচ্চ ৩৭ শিরোপা বেনফিকার। পোর্তোর হলো ২৯তম শিরোপা। ১৮ বার শিরোপা জিতেছে স্পোর্টিং লিসবন। বাকি দুবার শিরোপা জিতেছে বেলেনেন্সেস এবং বোয়াভিস্তা।