সুশান্ত সিং রাজপুতের মৃত্যু পরবর্তী ঘটনা নিয়ে মুখ খুললেন মেধাবী অভিনেত্রী রিচা চাড্ডা। স্বজনপোষণ নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে বলেন, বিষয়টি ‘অভ্যন্তরীণ’ ও ‘বহিরাগত’ নয়, বলিউড বিভক্ত ভালো-মন্দ মানুষে।
রিচা লেখেন, তিনি নিজে বহিরাগত হয়ে বুঝেছেন, বিষয়টা আসলে খাদ্য-শৃঙ্খলের মতো। সুশান্তর মৃত্যুতে আজ যারা শোক দেখাচ্ছেন, তাদের মধ্যেও অনেকে আছেন, যারা একদিন অধীনস্তদের প্রতি নিষ্ঠুর আচরণ করেছিলেন।
‘গ্যাংস অব ওয়াসিপুর’ অভিনেত্রী বলেন, “আসলে অভিনয়টা হলো বিচ্ছিন্ন একটা পেশা। যেখানে কর্মক্ষেত্রের প্রভাব ব্যক্তিগত জীবনেও পড়ে। বলিউডের অভ্যন্তরেও এমন অনেক লোক রয়েছেন, যারা বেশ দয়ালু-সহৃদয়। আবার এমন অনেকেও রয়েছেন, যারা বাইরে থেকেও এসেও কিন্তু ভয়ঙ্কর অহংকারী। আমি আমার ক্যারিয়ারের শুরুতে বহিরাগতই ছিলাম। আমাকেও অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে। তবে পরবর্তীকালে সেটাই আমার শক্তি হয়ে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে একেকজনের অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন।”
রিচার কথায়, “বলিউডে স্বজনপোষণ বিষয়টা আমার কাছে হাস্যকর। আমি তারকা সন্তানদের ঘৃণা করি না। আর কেনই বা করব? কেউ যদি কোনো তারকার পরিবারে জন্ম নেয়, তাহলে সমস্যা কোথায়? আমরাও তো কোনো না কোনো পরিবারে জন্ম নিয়েছি। আমরা কি আমাদের বাবা-মায়ের জন্য লজ্জা পাই? স্বজনপোষণ বিষয়টাই আসলে খুব বোকার মত একটা যুক্তি। আমিও কষ্ট করে প্রতিষ্ঠিত হয়েছি। এখন আমার সন্তান কি তার জন্য লজ্জা পাবে?”
সুশান্তের সঙ্গে নিজের বন্ধুত্ব প্রসঙ্গে বলেন, “সুশান্ত আর আমি একই থিয়েটার গ্রুপে অভিনয় করতাম। আমি দিল্লি থেকে আসার পর মুম্বাইয়ে আমার বন্ধুর সঙ্গে ৭০০ বর্গফুটের একটা ফ্ল্যাটে থাকতাম। সুশান্ত আমাকে প্রায়ই ওর বাইকে রিহার্সালে নিয়ে যেত, যার জন্য আমি কৃতজ্ঞ। আমি যে ভীষণ দরিদ্র ছিলাম, ভেঙে পড়েছিলাম, এমনটা নয়। তবে আমাকেও ত্বকের একটি ব্র্যান্ডের বিজ্ঞাপন করতে হয়েছিল, কারণ টাকাটা প্রয়োজনীয় ছিল। যখন মেকআপ করে অটো বা রিক্সোয় চড়ে অডিশনে যেতাম, মেকআপ গলে যেতে পারে এই আশঙ্কা করতাম। যেটা কোনো তারকা সন্তানের ক্ষেত্রে হয়তো হয় না। যদি কোনো তারকা সন্তান রিকশা করে অডিশন দিতে যায়, তাহলে তাদের সেজন্য আলাদা করে প্রশংসা প্রাপ্য। তবে আমি এই সুবিধা নেওয়ার পক্ষপাতী নই।”
তবে কারোর মৃত্যুর জন্য কোনো অভিনেত্রীকে ধর্ষণ করে খুনের হুমকি দেওয়া হচ্ছে সেটাও সমর্থনযোগ্য নয় বলে লেখেন রিচা। তার প্রশ্ন, সুশান্তর মৃত্যুতে আজ যারা তার প্রেমিকাকে ধর্ষণ করে খুনের হুমকি দিচ্ছেন তারা কী ধরনের ভক্ত? রিচা লেখেন, এদের মধ্যে কিছু লোকজনের প্রোফাইল আমি চেক করেছি, যারা একসময় সুশান্তকেও ‘পদ্মাবত’ ছবি নিয়ে মত প্রকাশের জন্য আক্রমণ করেছিল। এখন তারাই আবার অন্য কাউকে গালি দিচ্ছে।
এখানেই থামেননি রিচা। তিনি আরও লিখেছেন, “সুশান্তের মৃত্যুর জন্য একমাস আগে সমবেদনা জানিয়েছিলেন অনেকেই। তাদের মধ্যে এমন লোকও রয়েছে, যিনি নায়িকা রাত কাটাতে অস্বীকার করায়, তাকে সিনেমা থেকেই সরিয়ে দিয়েছিলেন।”