আসিফ সম্পর্কে কে কী বলে আমি ভাবি না: কবির সুমন

কলকাতার কবির সুমনের কথা ও সুরে প্রথমবার গান গাইলেন আসিফ আকবর। সম্প্রতি দুটি গানের খসড়া সংস্করণ ধারণ সম্পন্ন হয়েছে।

কয়েক দিন আগে আসিফ আকবর এক স্ট্যাটাসে জানান, কবির সুমনের গাইতে যাওয়ায় অনেকেই আড়ালে আবডালে এ নিয়ে সমালোচনা করছেন। সেসব পরোয়া করেন না। কণ্ঠ দিয়ে যেতে চান নিজের মতো করে।

এবার আসিফকে নিয়ে মুখ খুললেন ‘তোমাকে চাই’ গায়ক। তিনি আসিফের গায়কীর বেশ প্রশংসা করেছেন। এমনও বলেন, তার সম্পর্কে কে কী বলে আমি ভাবি না।

এক স্ট্যাটাসে কবির সুমন লেখেন, “আসিফ আকবর আমার লেখা-সুর করা যে দুটি গান ইতিমধ্যে রেকর্ড করেছেন সে দুটির রাফ ভয়েস মিক্স পাঠিয়েছেন। ফাইনাল নয়, রাফ মিক্স। শুনে খুব ভালো লাগল। সঙ্গে যে যন্ত্রাণুষঙ্গ তাও খুবই ভালো। খুবই ভালো। এ রকম গান উনি আগে গেয়েছেন বলে মনে হয় না।”

আরও বলেন, “আমার জীবনসায়াহ্নে, এই বাহাত্তরে চলমান জীবনে, এ এক নতুন বর্ণময় অভিজ্ঞতা। আরও দুটি গান পাঠিয়ে দিয়েছি শিল্পীকে। তিনি শিখে নিচ্ছেন। এত মন দিয়ে, যত্ন করে শিখে নিচ্ছেন, যন্ত্রীরাও এত যত্ন নিয়ে বুঝে নিচ্ছেন আমার রচনার সঙ্গে কী বাজাতে হবে এবং কীভাবে - কী বলব। জীবনের এই সাঁঝবেলা পেরিয়ে ভারি মনোরম অভিজ্ঞতা। জনাব আসিফ আকবরের শিষ্টাচারও স্মরণীয়।

তার সম্পর্কে কে কী বলে আমি ভাবি না। আমার সম্পর্কেও দুই বাংলায় বিপুল সংখ্যক লোক নিপাট খিস্তি না করে ভাত খেতে বসেন না। খোদা তাদের মঙ্গল করুন।”

কবির সুমনের কথাগুলো ফেইসবুক পেজে শেয়ার করে আসিফ লেখেন, “ধন্যবাদ শ্রদ্ধেয় অগ্রজ কবীর সুমন দাদা। আপনার কথা ও সুরের যাদু আমার সংগীত ক্যারিয়ারে নতুন পালক সংযোজন করেছে।”