সাদা পোশাকের পুলিশের সঙ্গে হাতাহাতিতে মা-বোন আহত, কিশোরের ‘আত্মহত্যা’

চট্টগ্রাম নগরীতে সাদা পোশাকে পুলিশের অভিযানের সময় হাতাহাতিতে মা ও বোনের আহত হয়ে হাসপাতাল যাওয়ার পর বাসা থেকে সালমান ইসলাম মারুফ (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে নগরীর ডবলমুরিং থানার বাদামতলীর বড় মসজিদ গলির একটি বাসা থেকে মারুফের লাশ উদ্ধার করা হয়। মারুফ দশম শ্রেণীর ছাত্র ছিল।

এই ঘটনায় ডবলমুরিং থানার এস আই মোহাম্মদ হেলালকে ক্লোজড করা হয়েছে।

এলাকার প্রত্যক্ষদর্শীরা ও মৃত মারুফের স্বজনরা জানিয়েছেন, মারুফের বাসার পাশে সন্ধ্যায় পুলিশের এক সোর্সকে চোর সন্দেহে পিটুনি দেয় এলাকার লোকজন। এ ঘটনার পর ডবলমুরিং থানার এসআই হেলাল সাদা পোশাকে মারুফকে  আটক করতে যায়।

তখন পরিবারের লোকজন বাধা দেয়। এক পর্যায়ে হাতাহাতিতে আহত হন মারুফের মা ও বোন। এরপর পুলিশ তাদের হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে রাতে মারুফের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনার পর রাতেই বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় নেমে আসে। মারুফের মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করে।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির পশ্চিম জোনের উপ-কমিশনার ফারুকুল হক জানান, অভিযোগ পেয়েছি সাদা পোশাকে অভিযানে গিয়েছিল এসআই হেলাল। তাকে ক্লোজ করা হয়েছে। আমরা দুই সদস্যের তদন্ত কমিটি করেছি। যদি অভিযোগ প্রমাণিত হয় অবশ্যই বিভাগীয় শাস্তি হবে।