সদরঘাট থেকে নব্য জেএমবির নারী শাখার ভারতীয় নাগরিক গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত নব্য জেএমবির (জামায়াতুল  মুজাহিদীন বাংলাদেশ) নারী শাখার অন্যতম এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) একটি টিম। গ্রেপ্তারকৃত নারী সদস্যের নাম আয়েশা জান্নাত মোহনা ওরফে জান্নাতুত তাসনিম ওরফে প্রজ্ঞা দেবনাথ (২৫)।

শুক্রবার সিটিটিসির উপকমিশনার সাইফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন,  বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সদরঘাট এলাকা থেকে নব্য জেএমবির নারী শাখার অন্যতম এই  সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া নারী সদস্য ভারতীয় নাগরিক। সনাতন হিন্দু ধর্মাবল্মী এই নারী অনলাইনে জেএমবির কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে ধর্মান্তরিত হন। তার কাছ থেকে ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

সিটিটিসি জানায়, নব্য জেএমবির নারী শাখার প্রধান খাতুন ওরফে আসমা ওরফে বন্দি জীবনের সঙ্গে প্রথমে পরিচয় হয় আয়েশা জান্নাত মোহনার। তারপর থেকে নারী শাখার দায়িত্ব পালন করছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

গত ২০১৬ সাল থেকে নিয়মিত বিরতি দিয়ে ভারত থেকে বাংলাদেশে যাতায়াত করতেন এই নারী জঙ্গি। প্রবাসী এক বাংলাদেশি নাগরিককে অনলাইনে বিয়ে করেন আয়েশা  বাংলাদেশি নাগরিকত্বেরর জন্য ভুয়া কাগজপত্র তৈরি করেছেন।

গোপনে বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতার কাজ করছিলেন আয়েশা। নারী শাখার প্রধান খাতুন ওরফে আসমা ওরফে বন্দি জীবন গ্রেপ্তার হওয়ার পর থেকেই এই নারী আত্মগোপনে থেকে অনলাইনে নারী ও পুরুষ সদস্যদের রিক্রুটের কাজ করছিলেন বলে জানায় সিটিটিসি।